News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩০, ২২ ডিসেম্বর ২০২৫

ভয় ও বাধাহীন নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

ভয় ও বাধাহীন নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন চিন্তা-ভাবনা করে সৎ ও সমর্থ প্রার্থী বেছে ভোট দেওয়ার জন্য। 

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ভোটের গাড়ি—‘সুপার ক্যারাভান’-এর।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আপনি দেশের মালিক। আগামী পাঁচ বছর এদেশ কারা পরিচালনা করবে, তা ঠিক করবেন আপনারা। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। সৎ ও সমর্থ প্রার্থী বেছে ভোট দিন। চিন্তা-ভাবনা করে ভোট দিন।

তিনি আরও বলেন, ভোটাধিকার কারো দয়া নয়—এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমে আমরা নির্ধারণ করি দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের ভোট ও গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি—‘সুপার ক্যারাভান’। এগুলো দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে মানুষের কাছে নির্বাচন ও গণভোটের তথ্য পৌঁছে দেবে এবং ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করবে।

প্রফেসর ইউনূস বলেন, এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়—এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী বহর। এটি জনগণকে মনে করিয়ে দেবে যে, নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।

আরও পড়ুন: ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে সুপার ক্যারাভানের যাত্রা শুরু

প্রধান উপদেষ্টা বিশেষভাবে তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবার ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা এগিয়ে আসুন। প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তই গড়ে তুলবে আগামী দিনের বাংলাদেশ—নতুন বাংলাদেশ।

তিনি বলেন, সরকার এমন একটি নির্বাচন চায়, যেখানে ভয় থাকবে না, বাধা থাকবে না; থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

প্রধান উপদেষ্টা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদে অংশগ্রহণের কথাও উল্লেখ করেন। 

তিনি বলেন, দীর্ঘ ৯ মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে এই সনদ তৈরি করা হয়েছে। জনগণ যদি এটি সমর্থন করে, তাহলে দেশ দীর্ঘদিন নিরাপদ পথে চলবে। আপনারা গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির যাত্রা শুরু করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে, তবে সরকার মানুষকে সচেতন করতে ও তা মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু মানুষ জানাজায় অংশ নিয়ে তার জবাব দিয়েছে। ভয় দেখিয়ে লাভ নেই, বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়