হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। আগামী শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসও গভীর শোক প্রকাশ করেছে।
ফেসবুকে ভেরিফায়েড পেজে দেয়া এক শোকবার্তায় দূতাবাস জানায়, “বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে আমরা তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে আসে। রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ উত্তাল, ছাত্র-জনতার অবস্থান
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হওয়ায় শরিফ ওসমান হাদি প্রথমে ঢাকায় হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








