News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৯, ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসের চেতনাতেই জুলাই গণঅভ্যুত্থান: আইন উপদেষ্টা

বিজয় দিবসের চেতনাতেই জুলাই গণঅভ্যুত্থান: আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আইন ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বরের বিজয়ের চেতনা ও প্রত্যয় ছিল বলেই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন ও পুনর্নির্মাণের একটা সুযোগ করে দেওয়া সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা আসিফ নজরুল ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটি দিন হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি, আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন।

আরও পড়ুন: বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, এ দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরবগাথা, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলো মনে পড়ে।

উপদেষ্টা আরও বলেন যে, জাতীয় স্মৃতিসৌধে এলে মন কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়। এখানে এলে ভালো লাগে। শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা ওই সময়ে নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়।

তিনি উল্লেখ করেন যে নানা আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে যারা দেশকে স্বাধীন করেছেন, তাদের স্মরণে আজকের এই দিনটি আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়