‘গুলিবিদ্ধ হাদির অন্যান্য অঙ্গ এখনও নিয়ন্ত্রণযোগ্য’
ছবি: সংগৃহীত
ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় গত শুক্রবার (১২ ডিসেম্বর) গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
মাথায় গুরুতর গুলি লাগার পরও তার কিডনি, হার্ট ও শ্বাসপ্রশ্বাসের কার্যক্রম এখনও নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ৮ নম্বর গেটে এক প্রেস ব্রিফিংয়ে সায়েদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া বাকি অঙ্গগুলো—কিডনি, হার্ট এবং রেসপিরেশন—ওষুধ ও অক্সিজেনের মাধ্যমে মোটামুটি স্থিতিশীল রাখা যাচ্ছে। আমরা শুধু তার জন্য দোয়া চাইছি। যদি আল্লাহ রহম করেন, তিনি অন্তত একটি মাত্রার সুস্থতা নিয়ে দেশে ফিরে আসবেন।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্স দুপুর ১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল টেলিকনফারেন্সের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সংক্রান্ত সব প্রস্তুতি এবং সমন্বয় নিশ্চিত করে।
আরও পড়ুন: চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন ওসমান হাদি
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য দুই দিন ধরে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে বিষয়টি অবহিত করা হয়। ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে হাদিকে বিদেশে প্রেরণ করেছে।
এতে আরও জানা গেছে, গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাদির আহত হওয়ার ঘটনাটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঘটে। চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যা স্থানীয় এবং জাতীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে।
সরকার এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে, মস্তিষ্কের গুরুতর আঘাত সত্ত্বেও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনও নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় আছে এবং পর্যবেক্ষণ ও চিকিৎসার মাধ্যমে হাদির অবস্থার স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








