চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন ওসমান হাদি
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন। তার সঙ্গে সিঙ্গাপুর আছেন হাদির ভাই ওমর বিন হাদি এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বন্ধু আমিনুল হাসান ফয়সাল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে অবতরণ করার পর সরাসরি হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর সময় সিঙ্গাপুর থেকে দুপুর ১১টা ২২ মিনিটে এসে পৌঁছেছিল। পরবর্তী ধাপে, দুপুরের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে শরিফ ওসমান হাদিকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নেওয়া হয়। বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ঢুকে একপর্যায়ে দেড়টার সময় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স
শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের ইচ্ছানুযায়ী পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
শরিফ ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতি এবং সিঙ্গাপুরে তার চিকিৎসা কৌশল নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান সূত্রে বিস্তারিত জানা যায়নি। তবে রাজনৈতিক সহযোদ্ধারা এবং পরিবারের সদস্যরা তার পাশে রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








