ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
ভোটার হওয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। তারা ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন। ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে পারেন।
শনিবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (এনআইডি ডিজি) এএসএম হুমায়ুন কবীর।
তিনি বলেন, “আমরা যতটুকু জেনেছি, তারেক রহমান অনলাইনে ভোটার নিবন্ধনের ফরম পূরণ করেছেন। এখন তাকে সরাসরি এসে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”
এনআইডি ডিজি আরও বলেন, নিবন্ধনের পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে যাচাই করবে সেটি অন্য কারও তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে কি না। কোনো মিল না পাওয়া গেলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি নম্বর জেনারেট হবে।
“এই প্রক্রিয়াটি পুরোপুরি স্বয়ংক্রিয়, এখানে আমাদের ব্যক্তিগতভাবে কিছু করার সুযোগ নেই,” বলেন তিনি।
আরও পড়ুন: ঘন কুয়াশায় সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ
তিনি জানান, নিবন্ধন সম্পন্ন হলে তারেক রহমান এনআইডি বা স্মার্ট কার্ড সরাসরি অফিস থেকে নিতে পারবেন। পাশাপাশি তার মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে, সেখান থেকেও এনআইডির কপি ডাউনলোড করা যাবে। আজ দুপুরেই তার নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








