শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ
ছবি: সংগৃহীত
ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কথিত রাজনৈতিক অস্থিরতা এবং ‘ভারত বিরোধী’ বক্তব্যকে বিষয়ভিত্তিক কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, ২০২৪ সালের ডিসেম্বরে তাদের সদস্যরা ইতিমধ্যে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে মানবিক কারণে শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের ক্ষেত্রে তখন নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল।
উজ্বল ঘোষ বলেন, “বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া দেব না।”
তিনি জানিয়েছেন, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে মোট ১৮০টি হোটেল আছে, যারা সবাই কঠোরভাবে এই নিষেধাজ্ঞা পালন করবেন। এছাড়া, এই সংগঠনের বাইরে আরও ৫০টি হোটেলও বাংলাদেশিদের ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: জেলখানায় ভোটাররা পাবেন পোস্টাল ব্যালটের সুবিধা
প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন এবং চিকিৎসার জন্য শিলিগুড়ি ভ্রমণ করেন। এবার এই নিষেধাজ্ঞার কারণে তাদের জন্য ভ্রমণ ও থাকার ব্যবস্থা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








