দেশজুড়ে শীতের দাপট, তাপমাত্রা আরও কমতে পারে
ছবি: সংগৃহীত
কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে জেঁকে বসতে শুরু করেছে শীত। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত বইছে হিমেল হাওয়া। এতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবারও আবহাওয়া একই রকম থাকতে পারে।
রবিবার ও সোমবার (২৮–২৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সোমবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এছাড়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমানের দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ করবে: প্রেস সচিব
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীতে সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিউজবাংলাদেশ.কম/এসবি








