বাজেট প্রণয়নে মানসম্মত শিক্ষা ও স্বনির্ভরতা জোরদারের নির্দেশ
ছবি: সংগৃহীত
আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত বাজেটের জন্য বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে তিনি বাজেট প্রণয়নের সময় স্বনির্ভরতা জোরদারের লক্ষ্যে শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, যুব ও নারী ক্ষমতায়ন, স্থানীয় উৎপাদন ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূস বিদেশি ঋণ থেকে সরে এসে দেশীয় অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। এতে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা শিক্ষার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। অতীতে শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণে জোর দেওয়ার পরও শিক্ষার মানে দ্রুত অবনতি হয়েছে, বিশেষ করে পূর্ববর্তী কর্তৃত্ববাদী সময়কালে। এই প্রেক্ষাপটে শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রেখেছেন অধ্যাপক ইউনূস।
আরও পড়ুন: ‘তারেক রহমানের প্রত্যাবর্তনে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে’
গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও বাজেটে আরও সুবিধা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। চলতি বছরে কৃষকেরা রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছেন, তাই তাদের জীবনমান উন্নয়নে বাজেটে প্রাসঙ্গিক বরাদ্দ বাড়ানো হবে।
বৈঠকে যুবসমাজকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন অধ্যাপক ইউনূস। বাংলাদেশকে ‘যুবসম্পদের খনি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, বাজেট প্রণয়নের সময় তরুণদের চাহিদা ও সম্ভাবনা প্রতিফলিত হতে হবে।
নারী ক্ষমতায়ন খাতেও বাজেট বৃদ্ধি অপরিহার্য মনে করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নারীদের সার্বিক উন্নয়ন জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
এছাড়া স্থানীয় উৎপাদন বাড়িয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছেন অধ্যাপক ইউনূস। স্বাস্থ্য খাতের জন্যও বাজেট সম্প্রসারণ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








