News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৪, ২০ ডিসেম্বর ২০২৫

হাদির জানাজা ও দাফন শেষে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান

হাদির জানাজা ও দাফন শেষে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ আহ্বান জানান।

তিনি বলেন, কোনো ধরনের সহিংসতার আহ্বানে কেউ যেন সাড়া না দেয়। ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সব কর্মসূচি ও সিদ্ধান্ত জানানো হবে।

আবদুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, হাদির ওপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর কাছে গত এক সপ্তাহে গৃহীত পদক্ষেপের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরার দাবি জানান।

এর আগে হাদির জানাজায় বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। তিনি শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। এরপর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে হাদির বড় ভাই বক্তব্য রাখেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করেন।

এদিন সকালে ময়নাতদন্তের জন্য শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে গোসলের জন্য তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়।

ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মানুষ হাসপাতাল ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হন। জানাজায় প্রধান উপদেষ্টা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

আরও পড়ুন: লক্ষাধিক মানুষের অংশগ্রহণে হাদির জানাজা সম্পন্ন

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়