News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৭, ১৪ ডিসেম্বর ২০২৫

সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সম্পূর্ণ প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবস উদযাপন উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর গত ৬ ডিসেম্বর থেকে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকা প্রস্তুত করার কাজ শুরু করে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, পুরো এলাকা বাহারি ফুলে সজ্জিত করা হয়েছে। লাল ইটের স্থাপনায় সাদা রঙের ছোঁয়া এনে দেওয়া হয়েছে নতুন মাত্রা। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে নানা জাতের ফুলগাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা। পাশাপাশি ধুয়ে-মুছে রঙের কাজ, ঘাস ছাঁটাই ও আলোকসজ্জার মাধ্যমে পুরো স্মৃতিসৌধকে নান্দনিক করে তোলা হয়েছে।

ফুলের চারা রোপণের কাজে নিয়োজিত শ্রমিক মো. মতিন মিয়া বলেন, “মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আসবেন। তাই সৌন্দর্য বৃদ্ধির কাজ করতে পেরে আমাদের ভালো লাগছে।”

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, স্মৃতিসৌধের নিরাপত্তায় চার হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের পাশাপাশি পোশাকধারী পুলিশও মোতায়েন থাকবে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে ডিআইজি রেজাউল করিম মল্লিক জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি।”

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান জানান, মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ দেশের সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এ জন্য স্মৃতিসৌধকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে।

মহান বিজয় দিবসের ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তাদের গার্ড অব অনার প্রদান করবে তিন বাহিনী। এরপর প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, কূটনৈতিক কোর, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন।

আরও পড়ুন: পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৭১ হাজার

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৮টা ৩০ মিনিটে সাধারণ মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধের ফটক খুলে দেওয়া হবে। এরপর সারাদেশ থেকে আসা লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় উৎসবমুখর হয়ে উঠবে জাতীয় স্মৃতিসৌধ এলাকা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়