News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩০, ১৪ ডিসেম্বর ২০২৫

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৭১ হাজার

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৭১ হাজার

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সংখ্যা দ্রুত বাড়ছে। নিবন্ধন শুরুর ২৬ দিনের মাথায় প্রবাসী ভোটারের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেলা ১২টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৩ লাখ ৭১ হাজার ৪৯০ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৬ হাজার ৪৪৮ জন এবং নারী ভোটার ২৫ হাজার ৪২ জন।

এর আগে একই দিন সকাল ১১টা পর্যন্ত নিবন্ধনের সংখ্যা ছিল ৩ লাখ ৭০ হাজার ৫৪২ জন। ওই সময় পর্যন্ত পুরুষ নিবন্ধনকারী ছিলেন ৩ লাখ ৪৫ হাজার ৫১৭ জন এবং নারী ছিলেন ২৫ হাজার ২৫ জন। সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত নিবন্ধন ছিল ৩ লাখ ৬৯ হাজার ২৬০ জন, যার মধ্যে পুরুষ ৩ লাখ ৪৪ হাজার ২৬১ জন ও নারী ২৪ হাজার ৯৯৯ জন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রমও চলবে।

আরও পড়ুন: নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীর বদলি নিষিদ্ধ

বর্তমানে বিশ্বের বহু দেশে বসবাসরত বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ইতালি, কানাডাসহ অন্যান্য দেশ।

ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধনের দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব। দেশটি থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ২ হাজার ৫৯ জন। দ্বিতীয় অবস্থানে কাতার (৩৩ হাজার ৯৮২ জন) এবং তৃতীয় অবস্থানে মালয়েশিয়া (২৪ হাজার ২৬৭ জন)। এই তিন দেশসহ মোট ১২টি দেশে ১০ হাজারের বেশি নিবন্ধন হয়েছে।

নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠাবে নির্বাচন কমিশন। ভোটার ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন।

ইসি জানিয়েছে, গত ৯ ডিসেম্বর থেকে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। দেশের বাইরের পোস্টাল ব্যালট ছাপার কাজও ইতোমধ্যে শুরু হয়েছে।

গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ জানান, দেশের ভেতরে ও দেশের বাইরে এই দুই ধরনের পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট নেওয়া হবে। দেশের ভেতরে আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচন দায়িত্বে থাকা ব্যক্তি এবং সরকারি কর্মচারীরা তফসিল ঘোষণার পর থেকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

এদিকে, ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কাজে নিয়োজিতদের পোস্টাল ব্যালট নিবন্ধন ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিবিদদের তৈরি। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি থাকলেও প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারের নিবন্ধন সক্ষমতা রাখা হয়েছে, যা প্রয়োজনে এক কোটিতে উন্নীত করা যাবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, 

  • মনোনয়নপত্র দাখিলের শেষ সময়: ২৯ ডিসেম্বর
  • মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
  • আপিল দায়েরের শেষ সময়: ১১ জানুয়ারি
  • আপিল নিষ্পত্তি: ১২ থেকে ১৮ জানুয়ারি
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি
  • চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
  • নির্বাচনি প্রচার: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত
  • ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনি তফসিল ঘোষণা করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়