কেএফসি ভয়ংকর
কেএফসির খাবারকে ভয়ংকর বলেছেন ব্রিটেনের এক ব্যবসায়ী, যিনি প্রথম ব্রিটেনে কেএফসির ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তা করেন। এছাড়া যে কয়জন লোক কেএফসির গোপন রেসিপি জানেন, তিনি তাদের একজন।
তার নাম রেমন্ড অ্যালেন। বর্তমানে তার বয়স ৮৭।
কেএফসির খাবার ভয়ংকর উল্লেখ করে তিনি বলেছেন, “আমি কেএফসির খাবার খাই না, আর জীবনে কোনোদিন খাব না।”
৫০ বছর অগে শিকাগোতে একটি কনফারেন্সে পরিচয় হওয়ার পর কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডারসের ব্যক্তিগত বন্ধু হয়ে ওঠেন রেমন্ড অ্যালেন। তিনিই প্রথম যুক্তরাজ্যে কেএফসির শাখা খোলেন এবং পুরো যুক্তরাজ্যে শাখা খোলার কাজে সহায়তা করেন।
অ্যালেনের কাছে এখনও হাতে লেখা আদি রেসিপি আছে। তিনি জানান, ওই রেসিপি তৈরি করা হয়েছিল ১১ ধরনের ঔষধি গাছ ও মসলা দিয়ে। রেসিপি যাতে অন্য কেউ জানতে না পারে সে জন্য সব সময় দরজায় পাহারা বসানো থাকতো।
সম্প্রতি এক সাক্ষাংকারে তিনি বলেছেন, “প্রতিষ্ঠানটি তার আদি কনসেপ্ট থেকে অনেক দূরে চলে গেছে। এটা ধ্বংস হয়ে গেছে এবং এটা আর এগোবে না।”
তিনি জানান, আমার বাড়ির কাছেই কেএফসির একটা দোকান আছে। কিন্তু আমি সেখানে যাই না, কেএফসি খাই না। আর জীবনে কখনও খাব না।
বিশ্বজুড়ে জনপ্রিয় কেএফসির খাবার নিয়ে এর আগে বহুবার সমালোচনার ঝড় উঠেছে। অ্যালেনের বক্তব্য সেই ঝড়ে আবারও গতি যোগ করলো।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








