রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত করল আপিল বিভাগ
ফাইল ছবি
সম্প্রতি রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ সিদ্ধান্ত দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এর আগে, রবিবার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্ট সরকারি-বেসরকারি সকল নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল রমজান মাস জুড়ে বন্ধ রাখার নির্দেশ দেন। হাইকোর্ট বেঞ্চের মধ্যে ছিলেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান। ওই রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করার আগে, ৫ জানুয়ারি সরকারকে একটি আইনি নোটিশ পাঠান।
আরও পড়ুন: রমজান মাসে স্কুল বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের
নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলিম। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা আইন, প্রথা ও নীতির অংশ।
নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করার কারণে ক্লান্ত হয়ে রোজা রাখার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়। এতে রোজা রাখার অভ্যাস ক্ষুণ্ণ হতে পারে এবং ধর্মীয় আচারের প্রয়োগে বাধা সৃষ্টি হয়। এছাড়া, স্কুল চালু থাকলে শহরগুলোতে তীব্র যানজট ও নগরবাসীর দুর্ভোগের সম্ভাবনা থাকে। নোটিশের জবাব না পাওয়ায় আদালতে রিট দায়ের করা হয়।
হাইকোর্টের আদেশ অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস জুড়ে সরকারি-বেসরকারি সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল। তবে আপিল বিভাগের চেম্বার আদালতের স্থগিতাদেশে এই কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলো।
নিউজবাংলাদেশ.কম/পলি








