ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি
দুর্নীতি, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
রবিবার (০১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এবং দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি জানান, সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।
আরও পড়ুন: আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট আরও বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ।
দুদকের আবেদনে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২২ ধারা, দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ৮ বিধি এবং ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা অনুযায়ী অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ এজাজকে বক্তব্য শ্রবণ ও গ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি।
সংস্থাটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে, অভিযোগ সংশ্লিষ্ট এই ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত সেই প্রেক্ষিতেই তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








