News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৬

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ফাইল ছবি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়াসহ মোট ৭ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।

রবিবার (০১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। 
প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হয়। দিনভর আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। 

একই দিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

মামলায় মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে গ্রেফতার আটজন হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) তৎকালীন পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ বাকি আট আসামি পলাতক।

আরও পড়ুন: আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

আসামিদের মধ্যে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হন এবং শহীদদের পরিবারসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করে জবানবন্দি দেন। অভিযোগ গঠনের সময় উপস্থিত আট আসামির সাতজন নিজেদের নির্দোষ দাবি করেছিলেন।

২০২৪ সালের ২ জুলাই প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ আমলে নেয় আদালত। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়। পরে ২১ আগস্ট ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই বছরের ১৪ সেপ্টেম্বর সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ৫ আগস্ট আশুলিয়ায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস ওই ঘটনার সময় একজন জীবিত ছিলেন, কিন্তু তাকেও বাঁচতে দেওয়া হয়নি; পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়। এর আগের দিন ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। বর্তমানে যুক্তিতর্ক শেষে বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে ট্রাইব্যুনাল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়