News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৮, ১৭ এপ্রিল ২০২৬

স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো সমঝোতা নয়: ইরান

স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো সমঝোতা নয়: ইরান

সাইদ খাতিবজাদেহ। ছবি: সংগৃহীত

তেহরান কোনো ধরনের খণ্ডিত বা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। 

তুরস্কের আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ববৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির একটি স্থায়ী ও সর্বাত্মক অবসান চাইছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যেকোনো সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই লেবানন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত সমস্ত সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত থাকতে হবে। ইরান একে একটি ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় শর্ত হিসেবে বিবেচনা করছে, যা থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।

খাতিবজাদেহ ইরানের অনড় অবস্থানের ব্যাখ্যা দিয়ে বলেন, ইরান কোনো খণ্ডিত বা সাময়িক সমাধানে বিশ্বাসী নয় এবং তাদের মতে চলমান সংঘাতের এই ধ্বংসাত্মক চক্র এখনই চিরতরে বন্ধ হওয়া জরুরি। 

আরও পড়ুন: ইসরায়েল-লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

বৈশ্বিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও অবস্থান প্রসঙ্গে তিনি জানান, এই জলপথটি ঐতিহাসিকভাবেই আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত ছিল। ভৌগোলিকভাবে এটি ইরানের জলসীমার ভেতরে অবস্থিত হওয়া সত্ত্বেও দীর্ঘকাল ধরে বৈশ্বিক স্বার্থে তেহরান এটি খোলা রেখেছে। 

তবে বর্তমান অস্থিতিশীলতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে তিনি অভিযোগ করেন, তাদের নেতিবাচক তৎপরতা ও সামরিক কর্মকাণ্ডই মূলত এই অঞ্চলে অস্থিরতা উসকে দিচ্ছে, যার বিরূপ প্রভাব এখন বিশ্ব বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির ওপর পড়তে শুরু করেছে।

সূত্র: আলজাজিরা

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়