হরমুজে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে ইরান জানিয়েছে, ওয়াশিংটন যদি এই জলপথে ‘পুলিশের’ ভূমিকা পালন করতে চায়, তবে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই কড়া বার্তা দেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই।
সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তেহরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্র এই প্রণালি এবং ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে।
এই অবরোধের সরাসরি সমালোচনা করে মোহসিন রেজাই বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান। এটি কি যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীর কাজ?
আরও পড়ুন: হরমুজ প্রণালি স্থায়ীভাবে খোলার ঘোষণা ট্রাম্পের
তিনি সতর্ক করে বলেন, অবরোধ কার্যকর করতে নজরদারি চালানো মার্কিন জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই তলিয়ে যেতে পারে।
মোহসিন রেজাই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব। তিনি ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের বিশেষ বাহিনী রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) কমান্ডা-ইন-চিফ হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ অবসরের পর গত মাসে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় যে, তিনি পুনরায় সক্রিয় হয়ে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক মুখোমুখি অবস্থান এবং জাহাজ ডুবিয়ে দেওয়ার মতো হুমকি বৈশ্বিক বাজারে জ্বালানি সংকট ও নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, রেজাইয়ের এই মন্তব্য তেহরানের কঠোর অবস্থানেরই প্রতিফলন।
নিউজবাংলাদেশ.কম/পলি








