News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৩, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:৪৫, ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে ভারতীয় সেনাদের স্মরণ করলেন মোদি, নেই বাংলাদেশের নাম

বিজয় দিবসে ভারতীয় সেনাদের স্মরণ করলেন মোদি, নেই বাংলাদেশের নাম

ছবি: সংগৃহীত

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী এই সংগ্রামে যুক্ত হয়। সেই কারণে ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবেও পালন করে। তবে ঐতিহাসিক বাস্তবতা হলো- মূল বিজয় বাংলাদেশেরই, কারণ এই দিনেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে।

বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করা হলেও পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি।

মোদি লিখেছেন, “বিজয় দিবসে আমরা আমাদের সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছে। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গৌরবান্বিত মুহূর্ত তৈরি করেছে। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।”

এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দেয়। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায়, “বিজয় দিবস শুধুমাত্র একটি তারিখ নয়- এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক।”

আরও পড়ুন: অং সান সু চির বেঁচে থাকা নিয়ে আশঙ্কা ছেলের

পোস্টে আরও বলা হয়, “মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এই যৌথ সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে চূড়ান্ত স্বাধীনতার দিকে নিয়ে গেছে। পাকিস্তানি সেনাবাহিনী পুরো জাতির ওপর যে নৃশংসতা ও নির্যাতন চালিয়েছে, সেই যুদ্ধের মাধ্যমে তার অবসান ঘটেছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়