News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ২০:৩৫, ২৯ মার্চ ২০২৬

টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বাক্কো প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ

টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বাক্কো প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় দেশের বিপিও ও আইটিইএস খাতের বর্তমান অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। 

বৈঠকে দেশের বিপিও শিল্পকে আরও গতিশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা, প্রণোদনা কাঠামোর শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনায় আনা হয়। একইসাথে, আসন্ন বিপিও সামিট ২০২৬ আয়োজনের মাধ্যমে শিল্পের বৈশ্বিক প্রচার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির কৌশল নিয়েও আলোচনা হয়। 

বৈঠকে দেশের ফ্রিল্যান্সার কমিউনিটির দক্ষতা উন্নয়ন, বাজারমুখী প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর টেকসই কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা একমত হন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সময়োপযোগী প্রশিক্ষণই বাংলাদেশকে বৈশ্বিক আউটসোর্সিং বাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বিপিও খাত দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতের উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ মানবসম্পদ গঠন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বৈঠকে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, বাংলাদেশের বিপিও শিল্প ইতোমধ্যে একটি সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে, যেখানে বিপুল সংখ্যক তরুণ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তবে এই খাতকে পরবর্তী ধাপে নিয়ে যেতে হলে সমন্বিত নীতিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে কার্যকর ব্র্যান্ডিং অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, বাক্কো সরকার ও সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে যৌথভাবে কাজ করে একটি শক্তিশালী ও টেকসই বিপিও ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: বিশ্বজুড়ে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

উক্ত বৈঠকে সরকারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন রেহান আসিফ আসাদ (প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), কাজী আনোয়ার হোসেন (সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) এবং জহিরুল ইসলাম (অতিরিক্ত সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)। 

বাক্কোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সল আলিম, অর্থ সম্পাদক আমিনুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ। তারা বিপিও শিল্পের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।  

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়