News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৩, ১ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৫৪, ১ এপ্রিল ২০২৬

উইন্ডোজ ১১ -এর প্রিভিউ আপডেট স্থগিত করল মাইক্রোসফট

উইন্ডোজ ১১ -এর প্রিভিউ আপডেট স্থগিত করল মাইক্রোসফট

ফাইল ছবি

ইনস্টলেশনজনিত ত্রুটি শনাক্ত হওয়ায় উইন্ডোজ ১১ -এর একটি প্রিভিউ আপডেটের বিতরণ সাময়িকভাবে স্থগিত করেছে মাইক্রোসফট। ‘কেবি৫০৭৯৩৯১’ নামের এই নন-সিকিউরিটি আপডেটটি ইনস্টল করতে গিয়ে অনেক ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

গত বৃহস্পতিবার উইন্ডোজ ১১ -এর  ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণের জন্য অপশনাল কিউমুলেটিভ আপডেটটি উন্মুক্ত করা হয়। এতে স্মার্ট অ্যাপ কন্ট্রোল ও ডিসপ্লে-সংক্রান্ত উন্নয়নসহ মোট ২৯টি পরিবর্তন যুক্ত করা হয়েছিল।

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, আপডেটটি ইনস্টল করতে গিয়ে অনেক ব্যবহারকারী একটি ত্রুটি বার্তা পাচ্ছিলেন, যেখানে বলা হচ্ছিল কিছু আপডেট ফাইল অনুপস্থিত বা ত্রুটিপূর্ণ। একই সঙ্গে ‘০এক্স৮০০৭৩৭১২’’ ত্রুটি কোডও প্রদর্শিত হচ্ছিল, যা ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে।

এ পরিস্থিতিতে আপডেটটির রোলআউট আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ এ সমস্যার সমাধান দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী ১৪ এপ্রিল নির্ধারিত মাসিক ‘প্যাচ টিউসডে’ আপডেটের আগেই ত্রুটির সমাধান আসতে পারে।

আরও পড়ুন: থ্যালেস অ্যালেনিয়ার সাথে চুক্তি মেয়াদ শেষ, নবায়ন নিয়ে আলোচনা 

উল্লেখ্য, এর আগে মার্চ ২০২৬ আপডেটের কারণে সৃষ্ট আরেকটি বড় সমস্যার সমাধানে জরুরি আপডেট প্রকাশ করেছিল মাইক্রোসফট। ওই সমস্যার ফলে টিমস, এজ ব্রাউজার, মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট ও ওয়ানড্রাইভসহ বিভিন্ন সেবায় সাইন-ইন করতে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা। সূত্র: ব্লিপিং কম্পিউটার

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়