২০২৬ সালে এআই খাতে দ্বিগুণ বিনিয়োগের পরিকল্পনা গুগলের
ফাইল ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতা তুঙ্গে। এই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চায় না গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। তাই ২০২৬ সালে তারা আগের চেয়ে প্রায় দ্বিগুণ খরচ করার পরিকল্পনা করেছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি বছর অ্যালফাবেট ১ লাখ ৭৫ হাজার কোটি থেকে ১ লাখ ৮৫ হাজার কোটি ডলার মূলধনী ব্যয় করতে পারে। এই অর্থ মূলত খরচ হবে সার্ভার, ডেটা সেন্টার ও নেটওয়ার্ক ব্যবস্থায়। সহজ কথায়, এআই চালানোর জন্য আরও শক্তিশালী কম্পিউটার কাঠামো গড়ে তুলতেই এই ব্যয় বাড়ানো হচ্ছে। গত বছর এই খরচ ছিল প্রায় ৯১ হাজার কোটি ডলার।
বিশেষজ্ঞরা বলছেন, এআই খাতে এত বড় বিনিয়োগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও, গুগল ইতিমধ্যে এর সুফল দেখাতে পেরেছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, এআই প্রযুক্তির কারণে তাদের আয় ও ব্যবসা দুটোই বৃদ্ধি পেয়েছে।
এর বড় উদাহরণ হলো গুগল ক্লাউড ব্যবসা। গত তিন মাসে এই খাত থেকে আয় বেড়েছে ৪৮ শতাংশ, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি। এমনকি এই বৃদ্ধির হার মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউডের চেয়েও বেশি। ফলে গুগল এখন অ্যামাজন ও মাইক্রোসফটের পাশে বড় ক্লাউড কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: গুগলের জেমিনিতে চ্যাট আমদানি সুবিধা পরীক্ষামূলকভাবে চালু
এআই দুনিয়ায় গুগলের নতুন মডেল জেমিনিওও বড় ভূমিকা রাখছে। গুগলের তথ্য অনুযায়ী, জেমিনিও এআই সহকারী প্রতি মাসে ৭৫ কোটি ব্যবহারকারী ব্যবহার করছেন। এটি শুধুমাত্র সাধারণ মানুষ নয়, হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠানও কাজে লাগাচ্ছে। একই সঙ্গে এই প্রযুক্তি বিজ্ঞাপন ব্যবসাকেও সাহায্য করছে, বিশেষ করে দীর্ঘ ও জটিল অনলাইন খোঁজে বিজ্ঞাপন দেখাতে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








