News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬

গুগলের জেমিনিতে চ্যাট আমদানি সুবিধা পরীক্ষামূলকভাবে চালু

গুগলের জেমিনিতে চ্যাট আমদানি সুবিধা পরীক্ষামূলকভাবে চালু

ছবি: সংগৃহীত

অনেক দিন ধরে এআই ব্যবহারকারীদের এক বড় উদ্বেগ ছিল—নতুন প্ল্যাটফর্মে গেলে পুরনো কথোপকথন হারিয়ে যাবে। এই ভয় দূর করতে নতুন একটি সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে গুগল। তাদের এআই সহকারী জেমিনিতে শিগগিরই অন্য এআই প্ল্যাটফর্মের চ্যাট ইতিহাস আমদানি করার সুযোগ মিলতে পারে।

প্রযুক্তিবিষয়ক সূত্র জানায়, গুগল বর্তমানে ‘ইমপোর্ট এআই চ্যাটস’ নামে একটি ফিচার পরীক্ষা করছে। ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করে চ্যাটজিপিটি, ক্লড (Claude) বা মাইক্রোসফট কোপাইলটের (Microsoft Copilot) কথোপকথন জেমিনিতে নিয়ে যেতে পারবেন। এতে নতুন করে ব্যাখ্যা বা কাজের ধরন আবার শেখানোর প্রয়োজন হবে না।

পরীক্ষামূলক সংস্করণে দেখা গেছে, জেমিনির মূল ইন্টারফেসে থাকা প্লাস (+) চিহ্নে ক্লিক করলে এই অপশন দেখা যায়। ব্যবহারকারীকে প্রথমে অন্য এআই সেবা থেকে চ্যাট ইতিহাস ডাউনলোড করতে হবে এবং তারপর সেই ফাইল জেমিনিতে আপলোড করতে হবে। পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই পুরোনো আলোচনা নতুন প্ল্যাটফর্মে চালিয়ে নিতে পারেন।

তবে এখনো এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন PCMag জানিয়েছে, একাধিক অ্যাকাউন্টে চেষ্টা করেও তারা ফিচারটি ব্যবহার করতে পারেননি। গুগলও আনুষ্ঠানিকভাবে জানায়নি, কবে এটি সবার জন্য চালু হবে।

বর্তমানে এই ফিচার দিয়ে শুধু আগের কথোপকথনই আনা যাবে; ব্যবহারকারীর সংরক্ষিত স্মৃতি বা ব্যক্তিগত সেটিংস স্থানান্তর করা যাবে না। কোন ধরনের ফাইল আপলোড করা যাবে, সে বিষয়েও এখনও স্পষ্ট নির্দেশনা নেই। চ্যাট আমদানির সময় একটি সতর্কবার্তাও দেখানো হচ্ছে—আপলোড করা তথ্য জেমিনি অ্যাক্টিভিটি-তে সংরক্ষিত হবে এবং গুগলের সেবা উন্নত করতে ব্যবহার হতে পারে। এমনকি এগুলো জেনারেটিভ এআই প্রশিক্ষণের জন্যও ব্যবহার হতে পারে। তাই পুরোনো চ্যাটে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য থাকলে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

চ্যাট আমদানির পাশাপাশি জেমিনিতে আরও কিছু নতুন সুবিধা পরীক্ষাধীন রয়েছে। এর মধ্যে উন্নত মানের ছবি ডাউনলোড (2K ও 4K রেজল্যুশন) এবং ‘লাইকনেস (Likeness)’ ফিচার রয়েছে। লাইকনেস ফিচারটি ব্যবহার করে বোঝা যাবে, কোনো ভিডিও গুগলের এআই দিয়ে তৈরি হয়েছে কি না। ভবিষ্যতে এটি দিয়ে অনুমতি ছাড়া কারও মুখ বা কণ্ঠস্বর ব্যবহার হয়েছে কি না শনাক্ত করা সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, এই ফিচার সফলভাবে চালু হলে এআই ব্যবহারের জগতে বড় পরিবর্তন আসতে পারে। এত দিন এক এআই থেকে অন্য এআইয়ে যাওয়ার সবচেয়ে বড় বাধা ছিল পুরোনো তথ্য হারানোর ভয়। এই বাধা সরলে ব্যবহারকারীরা সহজেই নতুন এআই ব্যবহার করতে আগ্রহী হবেন।

আরও পড়ুন: পুরানো মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিলের নির্দেশনা বিটিআরসির

যদিও এখনো ফিচারটি সাধারণের জন্য কবে চালু হবে তা জানা যায়নি, তবে জেমিনির ইন্টারফেসে এটি পরীক্ষামূলকভাবে উপস্থিত থাকার কারণে ধারণা করা হচ্ছে, খুব বেশি দেরি নেই।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়