রিপোস্ট ফিচার সুবিধা যুক্ত করছে ইনস্টাগ্রাম
ছবি: ইন্টারনেট
ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে ‘রিপোস্ট’ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধুর ছবি বা পোস্ট সরাসরি শেয়ার করতে পারবেন।
অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতে বহুদিন ধরে এই সুবিধা থাকলেও ইনস্টাগ্রামে এবারই প্রথম এটি চালু হচ্ছে। রিপোস্ট করা কনটেন্ট মূল প্রোফাইল গ্রিডে নয়, বরং আলাদা একটি ‘রিপোস্ট’ ট্যাব-এ দেখা যাবে। এর ফলে পাবলিক রিল বা পোস্ট সহজেই অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে এবং বন্ধুর ফিডেও প্রদর্শিত হবে।
এছাড়া, টিকটকের মতো নতুন একটি ‘বন্ধুদের ফিড’ ট্যাবও চালু করছে ইনস্টাগ্রাম। এখানে ব্যবহারকারীরা শুধুমাত্র বন্ধু তালিকার অ্যাকাউন্টগুলোর রিল দেখতে পারবেন। এই ফিডে বন্ধুদের লাইক বা কমেন্ট করা রিলস ও পোস্টও দেখা যাবে। চাইলে ব্যবহারকারী এই ফিচার বন্ধ করতে বা নির্দিষ্ট কারও লাইক-কমেন্ট মিউট করতে পারবেন।
২০২০ সালে টিকটকের জনপ্রিয়তা বাড়তে থাকায় ইনস্টাগ্রাম চালু করে রিলস। পরে একাধিক ফিচার অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ধার করে জনপ্রিয়তা বাড়ায়। সাম্প্রতিক পরিবর্তনের লক্ষ্য হলো, ব্যবহারকারীদের ফিডে এমন কনটেন্ট দেখানো, যা তাদের সত্যিই আগ্রহের বিষয়।
আরও পড়ুন: ফ্রিল্যান্সারদের গণ্ডি পেরিয়ে কর্পোরেট স্টাফিংয়ে যাচ্ছে আপওয়ার্ক
গত কয়েক বছর ধরে নিউজফিড নিয়ে সমালোচনার মুখে পড়া ইনস্টাগ্রাম রাজনৈতিক কনটেন্ট কমিয়ে বন্ধুদের পোস্টকে অগ্রাধিকার দেওয়ার মতো কৌশল নিয়েছে। নতুন পরিবর্তনগুলো আপাতত যুক্তরাষ্ট্রে চালু হলেও ধাপে ধাপে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








