News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পদত্যাগ করলেন এক্সএআইয়ের দুই সহ-প্রতিষ্ঠাতা

পদত্যাগ করলেন এক্সএআইয়ের দুই সহ-প্রতিষ্ঠাতা

প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই -তে অস্থিরতা বাড়ছে। প্রতিষ্ঠানটির দুই সহ–প্রতিষ্ঠাতা টনি উ ও জিমি বা পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তায় তারা নিজেদের সিদ্ধান্ত জানান। প্রায় তিন বছর আগে ইলন মাস্ক-এর সঙ্গে মিলে তারা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন।

এর আগেও একাধিক প্রতিষ্ঠাতা সদস্য প্রতিষ্ঠান ছেড়েছেন। জানা গেছে, মোট ১২ জন সহ–প্রতিষ্ঠাতার মধ্যে অর্ধেকই ইতোমধ্যে সরে দাঁড়িয়েছেন।

জিমি বার পদত্যাগের পেছনে অভ্যন্তরীণ চাপ ছিল বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, দ্রুত এআই মডেলের সক্ষমতা বাড়ানোর চাপকে কেন্দ্র করে প্রযুক্তি দলে উত্তেজনা তৈরি হয়েছিল।

ইলন মাস্ক চান,  এক্সএআই দ্রুত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিক। বর্তমানে  ওপেনএআই ও অ্যানথ্রপিক এ খাতে এগিয়ে রয়েছে। ব্যবধান কমাতে চাপ বাড়ছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে জিমি বা তার বার্তায় পদত্যাগের নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি; সহকর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ইলন মাস্কের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। টনি উ-ও পদত্যাগের কারণ বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি।

এই প্রস্থান ঘটেছে আরেকটি বড় ঘোষণার পরপরই। কয়েক দিন আগে মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স জানায়, তারা  এক্সএআই অধিগ্রহণ করবে। দুই প্রতিষ্ঠানের সম্মিলিত মূল্য ধরা হচ্ছে প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। পরিকল্পনা রয়েছে, নতুন সমন্বিত প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসবে এবং চলতি বছরের মধ্যেই প্রাথমিক শেয়ার ছাড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মাস্ক মহাকাশে ডেটা সেন্টার গড়ার উচ্চাভিলাষী পরিকল্পনার কথাও বলেছেন। সেই প্রকল্পে অর্থ জোগাড়ই মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে এক বছরে ৯৫০০ কোটি ভুয়া মোবাইল বিজ্ঞাপন

তবে নেতৃত্ব পর্যায়ে একের পর এক প্রস্থান নতুন করে প্রশ্ন তুলছেএক্সএআই কি স্থিতিশীল দল গড়ে তুলতে পারছে, নাকি দ্রুত এগোনোর চাপে ভেতরে অস্থিরতা তৈরি হচ্ছে?

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়