News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

পুরানো মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিলের নির্দেশনা বিটিআরসির

পুরানো মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিলের নির্দেশনা বিটিআরসির

ফাইল ছবি

ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট অন্য কারও কাছে হস্তান্তর বা বিক্রির আগে সেটির নিবন্ধন বাতিল বা ‘ডি-রেজিস্ট্রেশন’ করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে গ্রাহকদের জন্য এই নতুন নির্দেশনা জারি করা হয়। মূলত মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ বা চোরাই হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এই কঠোর পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ জানুয়ারি থেকে ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়েছে। এই সিস্টেম চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সবকটি হ্যান্ডসেট গ্রাহকের অজান্তেই বা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। এর ফলে এখন থেকে প্রতিটি সচল হ্যান্ডসেট কোনো না কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ডাটাবেজে সংরক্ষিত রয়েছে।

আরও পড়ুন: এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির সতর্কতা

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো গ্রাহক তার নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন করতে চাইলে অথবা ফোনটি অন্য কারও কাছে হস্তান্তর বা বিক্রি করতে চাইলে অবশ্যই হ্যান্ডসেটটি তার এনআইডি থেকে অবমুক্ত করতে হবে। এই ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য গ্রাহকের সিম ক্রয়ের সময় ব্যবহৃত নথিপত্র- বিশেষ করে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যার প্রয়োজন হবে। সঠিক প্রক্রিয়ায় ডি-রেজিস্ট্রেশন না করে ফোন হস্তান্তর করলে পরবর্তীতে আইনি জটিলতার ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

গ্রাহকদের সুবিধার্থে বিটিআরসি জানিয়েছে, ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত পদ্ধতি ও তথ্য তাদের নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd-তে পাওয়া যাবে। এছাড়া এ বিষয়ে কোনো জিজ্ঞাসা বা তাৎক্ষণিক সহায়তার জন্য বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি দেশের সকল মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও গ্রাহকরা সরাসরি এ সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়