News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৫, ৬ জানুয়ারি ২০২৬

এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির সতর্কতা

এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির সতর্কতা

ফাইল ছবি

মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার বা এনইআইআর (NEIR) সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহক ও ব্যবসায়ীদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

সংস্থাটি জানিয়েছে, এনইআইআর সংক্রান্ত সকল কার্যক্রমের জন্য শুধুমাত্র নির্ধারিত সরকারি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। অননুমোদিত কোনো মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রদান বা আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে। 

আরও পড়ুন: এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অননুমোদিত ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে। এই প্রেক্ষাপটে সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এনইআইআর সংক্রান্ত সকল প্রকার সেবা গ্রহণের একমাত্র বৈধ ঠিকানা হলো neir.btrc.gov.bd।

বিটিআরসি বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে যে, এনইআইআর সংক্রান্ত সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কোনো প্রকার বিভ্রান্তিকর লিংকের মাধ্যমে সেবা গ্রহণের জন্য কাউকে কোনো ফি বা অর্থ প্রদান না করার জন্য অনুরোধ করা হয়েছে। একইসাথে, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতে অননুমোদিত কোনো প্ল্যাটফর্মে তথ্য শেয়ার করার ঝুঁকি সম্পর্কেও সতর্ক করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের সুবিধার্থে এবং নিরাপত্তা নিশ্চিতে এই প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এনইআইআর সেবার নামে অর্থ দাবি করে বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। এই ধরনের প্রতারণা এড়াতে সর্বদা বিটিআরসির অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্দেশনা অনুসরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়