চ্যানেল জনপ্রিয় করতে নতুন ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ
ছবি: ইন্টারনেট
হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যানেল খুলে সহজেই বেশি সংখ্যক ব্যক্তিকে হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপ পরিচালনা করা যায়। ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠান একসঙ্গে চ্যানেলের সদস্যদের তথ্য জানানো ছাড়াও তাদের মতামত নিতে পারে। একমুখী এই যোগাযোগব্যবস্থায় অনুসরণকারীর সংখ্যা বাড়াতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
নতুন এই সুবিধা চালু হলে চ্যানেলের প্রশাসকেরা সরাসরি নিজেদের পরিচিত ব্যক্তিদের চ্যানেলে যুক্ত হওয়ার আমন্ত্রণ পাঠাতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এতে চ্যানেলের অনুসরণকারীর সংখ্যা দ্রুত বাড়বে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএ বেটা ইনফো জানিয়েছে, গত সপ্তাহে অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হয়েছে। পরবর্তীতে আইওএসের কিছু নির্বাচিত বেটা ব্যবহারকারীর জন্যও এটি উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ উভয় প্ল্যাটফর্মেই ধাপে ধাপে নতুন সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ।
সুবিধাটি চালু হলে চ্যানেলের প্রশাসকেরা ‘চ্যানেল ইনফো’ অংশে প্রবেশ করে আমন্ত্রণ পাঠানোর একটি অপশন দেখতে পাবেন। এই অপশন ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের তালিকা থেকে নির্দিষ্ট ব্যক্তিদের চ্যানেল অনুসরণ করার জন্য আমন্ত্রণ জানানো যাবে। প্রাথমিকভাবে একবারে সর্বোচ্চ ৬৪ জনকে আমন্ত্রণ পাঠানো যাবে।
চ্যানেল অনুসরণের আমন্ত্রণ সাধারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিংকের মতো হবে না। এতে একটি আলাদা বাটন থাকবে, যার মাধ্যমে আমন্ত্রিত ব্যক্তি আগে চ্যানেলটি খুলে দেখে নিতে পারবেন। চ্যানেলের বিষয়বস্তু, ধরন ও নিয়মিত আপডেট দেখার পর তিনি সেটি অনুসরণ করবেন কি না, সে সিদ্ধান্ত নিতে পারবেন।
আরও পড়ুন: চাইলেও ইন্টারনেট বন্ধে ক্ষমতা ব্যবহার করতে পারবে না সরকার
ডব্লিউএ বেটা ইনফোর তথ্যমতে, নতুন এই সুবিধা ব্যবহার করে একই বার্তা একাধিক ব্যক্তিকে পাঠানো হলেও তা স্প্যাম হিসেবে শনাক্ত হবে না। কারণ, প্রশাসকদের পাঠানো আমন্ত্রণগুলো অস্থায়ীভাবে একটি ব্রডকাস্ট তালিকা তৈরি করে পাঠানো হবে। এতে স্প্যাম শনাক্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। সূত্র: ইন্ডিয়া টুডে
নিউজবাংলাদেশ.কম/এসবি








