News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৯, ৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫০, ৮ জানুয়ারি ২০২৬

সাড়া ফেলেছে জাহাঙ্গীর-মারুফের নতুন গান ‘সমানে সমানে’

সাড়া ফেলেছে জাহাঙ্গীর-মারুফের নতুন গান ‘সমানে সমানে’

ছবি: নিউজবাংলাদেশ

বর্তমান সময়ের লোকগানের ধারায় নতুন উন্মাদনা সৃষ্টি করেছে ‘সমানে সমানে না হইলে পিরিত’ শিরোনামের একটি গান। 

জাহাঙ্গীর রানার কথা ও সুরে এবং মারুফ চৌধুরীর সঙ্গীতায়োজনে গানটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই শ্রোতামহলে ব্যাপক সমাদর পেয়েছে।

গত ২১ ডিসেম্বর ইউটিউব চ্যানেল ‘পরানের গান’-এ অবমুক্ত হয় গানটি। প্রকাশের মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এটি ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী বাঙালি শ্রোতাদের মাঝেও গানটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। অসংখ্য শ্রোতা গানটি গেয়ে বা রিলস তৈরি করে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করছেন।

গানটির মূল সংস্করণে কণ্ঠ দিয়েছেন শিল্পী দিনা মণ্ডল। পরবর্তীতে শ্রোতাদের চাহিদা বিবেচনায় এর একটি ভিন্ন সংস্করণ প্রকাশ করা হয়, যেখানে কণ্ঠ দিয়েছেন সাদিয়া লিজা। 

গানটির সাফল্য নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: নতুন বছরে এএস সিরিজের জন্য জন্য সাইফুল বারীর ৬ গান

গানটির সাফল্য নিয়ে গীতিকার ও সুরকার জাহাঙ্গীর রানা জানান, গানটি এত দ্রুত শিল্পী ও শ্রোতাদের কাছে পৌঁছে যাবে তা তারা ভাবেননি। এই ভালোবাসার জন্য তিনি গানের সঙ্গে যুক্ত পুরো টিম ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি আরও বলেন, সঙ্গীত পরিচালক মারুফ চৌধুরীর নিরলস চেষ্টা ও একাগ্রতা না থাকলে গানটি এমনভাবে দাঁড়াত না। দিনা মণ্ডলের কণ্ঠের আবেগ এবং সাদিয়া লিজার ভিন্ন উপস্থাপন গানটিকে নতুন মাত্রা দিয়েছে।

মারুফ চৌধুরী বলেন, ভালো গান সবসময় হাতে আসে না এবং সব কাজ সমানভাবে সফল হয় না। জাহাঙ্গীর রানার সঙ্গে এটি তার প্রথম কাজ হওয়ায় চ্যালেঞ্জ ছিল বড়। তবে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেই এমন সাড়া মিলেছে। শ্রোতাদের ভালোবাসা ও সমর্থনই তাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি বলে তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়