News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ১৯ ফেব্রুয়ারি থেকে টানা ৩৬ দিন স্কুল বন্ধ

রমজানে ১৯ ফেব্রুয়ারি থেকে টানা ৩৬ দিন স্কুল বন্ধ

ফাইল ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের সকল প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এই ছুটি শুরু হতে যাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, রমজানের শুরু থেকে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত একটানা ৩৬ দিন ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনে রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরুর ঘোষণা দেয়।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-৫০৭ মূলে জারীকৃত প্রজ্ঞাপন সংশোধনক্রমে সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।

আরও পড়ুন: রমজান-ঈদের ছুটিতে বন্ধ হলো কলেজ, স্কুলের সূচি ভিন্ন

প্রাথমিক বিদ্যালয়ের নতুন ছুটির তালিকাতেও একই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।

রমজানের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। রোজার সময়সূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয় বিবেচনায় রেখে ছুটি শুরুর দাবি জানান অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। এসব বিষয় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। ১৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি শেষে পুরো রমজান মাস, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। তবে ওই আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন আদালত গত সোমবার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেন। এতে ছুটি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়।

অন্যদিকে মাদ্রাসাগুলোর ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, নির্বাচনের ছুটির মধ্য দিয়েই শিক্ষক-শিক্ষার্থীদের ঈদের ছুটি শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। কলেজগুলোর ক্ষেত্রেও পৃথক তালিকা অনুযায়ী বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে; ক্লাস পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়