News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ও উৎসব মিলিয়ে টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

নির্বাচন ও উৎসব মিলিয়ে টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি

চলতি ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের বড় ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সাধারণ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উৎসব শিবরাত্রি যুক্ত হওয়ায় এই দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বিশ্লেষণে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটের দিন এবং এর আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এই ছুটি বলবৎ থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শ্রমিকরা সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই ছুটির আমেজ পাচ্ছেন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি ঘোষণা

এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় স্বাভাবিক সাপ্তাহিক ছুটি মিলছে। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সব মিলিয়ে এই পাঁচ দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বন্ধ থাকবে শ্রেণিকক্ষ।

ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি এবং তালিকায় পঞ্চম ছুটিও বটে। ফেব্রুয়ারির এই দীর্ঘ ছুটির আগে মাসের শুরুতেই মাঘী পূর্ণিমা ও শবে বরাত উপলক্ষ্যে শ্রেণিকক্ষ বন্ধ ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি বিশ্লেষণে দেখা যায়, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি বরাদ্দ রয়েছে। ফেব্রুয়ারি মাসের এই বিরতির পর পরবর্তী দীর্ঘ ছুটি শুরু হবে মার্চ মাসে। আগামী ৮ মার্চ থেকে পবিত্র রমজান, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস ও জুমাতুল বিদা মিলিয়ে টানা ১৯ দিনের বড় ছুটিতে যাবে দেশের সকল বিদ্যালয়। দীর্ঘ এই অবকাশ শেষে ২৯ মার্চ থেকে পুনরায় পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। 

এছাড়া মে মাসে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে আরও ১২ দিন এবং দুর্গাপূজায় ৫ দিনের ছুটির পরিকল্পনা রয়েছে শিক্ষা ক্যালেন্ডারে।

ফেব্রুয়ারির এই টানা পাঁচ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় বিরতি হিসেবে গুরুত্বপূর্ণ, যা জাতীয় নির্বাচনের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়