মুক্তিযুদ্ধের মূল্যবোধে ঐক্যের আহ্বান জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের
ফাইল ছবি
মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রেখে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জাতি গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরে সলিমুল্লাহ রোড পানির ট্যাংকি মাঠে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গঠনই ছিল স্বাধীনতা অর্জনের মূল আকাঙ্ক্ষা। সেই রাষ্ট্রীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে তারা মত দেন।
বক্তারা আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানমনস্ক ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগীভাবে ঢেলে সাজানো জরুরি। শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।
আরও পড়ুন: সমাজে সহিংসতা নির্মূলের জন্য সর্বাঙ্গীন শিক্ষা জরুরি
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব রুস্তম আলী খোকন, অধ্যক্ষ আকমল হোসেন, প্রকৌশলী রাশেদুল ইসলাম রিপন, সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু, নাজমুল হাসান খান, সন্তু মিত্রসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির মোহাম্মদপুর শাখার আহ্বায়ক ড. তারেকুজ্জামান সুদান।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন একটি দলনিরপেক্ষ সংগঠন হিসেবে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধ করে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখতে চায়।
অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে একটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। পাশাপাশি দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশিষ্ট সংগীতশিল্পী সরদার হীরক রাজা ও তার দলের পরিবেশনায় এবং স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








