News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজান-ঈদের ছুটিতে বন্ধ হলো কলেজ, স্কুলের সূচি ভিন্ন

রমজান-ঈদের ছুটিতে বন্ধ হলো কলেজ, স্কুলের সূচি ভিন্ন

ফাইল ছবি

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, এই দফায় টানা ৩৯ দিন বন্ধ থাকবে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দীর্ঘ বিরতি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটিকে একত্রে সমন্বয় করা হয়েছে। 

সূচি অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজগুলো বন্ধ থাকবে। এর পরপরই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক দিনের সাধারণ ছুটি এবং পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই বিরতি আরও দীর্ঘ হয়েছে। ফলে শিক্ষার্থীরা আগামী ২৯ মার্চ, রবিবার থেকে পুনরায় শ্রেণিকক্ষে ফিরবেন। এছাড়া মাদরাসাগুলোতে রমজানের ছুটি গত ১৫ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন: নকল-প্রশ্নফাঁস রুখতে জিরো টলারেন্স ঘোষণা নতুন শিক্ষামন্ত্রীর

কলেজ ও মাদরাসায় আজ থেকে ছুটি শুরু হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল, ভোকেশনাল এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। এসব প্রতিষ্ঠানে পবিত্র রমজানের ছুটি শুরু হবে আগামী ৮ মার্চ থেকে। এক্ষেত্রে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় এবার বড় পরিবর্তন আনা হয়েছে। আগের বছরের তুলনায় এবার মোট ১২ দিন ছুটি কমিয়ে আনা হয়েছে এবং শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরার মতো বেশ কিছু দিনের ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে রমজান মাসের অর্ধেকেরও বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

২০২৬ শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান পরবর্তী সময়েও বেশ কিছু দীর্ঘ ছুটি ভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা। ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিনের ছুটি বরাদ্দ রাখা হয়েছে। বছরের শেষ দিকে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন শীতকালীন অবকাশ পালন করা হবে।

সাধারণ ও নির্বাহী আদেশের ছুটির পাশাপাশি প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে তিন দিনের বিশেষ সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রয়োজনে বা বিশেষ কোনো সংকটে প্রতিষ্ঠান প্রধানরা নিজস্ব বিবেচনায় এই ছুটিগুলো ব্যবহার করতে পারবেন। আজ থেকে কলেজ পর্যায়ে ছুটি শুরু হওয়ায় রাজধানীরসহ সারাদেশের ক্যাম্পাসগুলোতে এখন ঈদের আমেজ বিরাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়