News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে স্কুল খোলা না বন্ধ, হাইকোর্টের আদেশের অপেক্ষা

রমজানে স্কুল খোলা না বন্ধ, হাইকোর্টের আদেশের অপেক্ষা

ফাইল ছবি

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে নাকি বন্ধ থাকবে- এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উচ্চ আদালত এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আপিলের শুনানি শেষে চূড়ান্ত নির্দেশনা জানাবে। শুনানির ফলাফলের ওপর নির্ভর করবে শিক্ষার্থীরা পুরো রমজান জুড়ে ছুটি উপভোগ করবে কি না, নাকি আগের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাসে ফিরবে।

পূর্বে হাইকোর্ট মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়কে রমজানের শুরু থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে চেম্বার জজ আদালত সোমবার সেই আদেশ স্থগিত করেন। ফলে চলতি শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ২০২৬ সালের ছুটির তালিকায় মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্কুলে আগের বছরের তুলনায় ১২ দিন কমানো হয়েছে এবং শবে মেরাজ ও জন্মাষ্টমীসহ কিছু ছুটি বাতিল করা হয়েছে।

সরকারি কলেজগুলোতেও পূর্ববর্তী প্রজ্ঞাপন অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজ ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। রাজধানীর কয়েকটি ইংরিশ মিডিয়ামের শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের মাঝামাঝি পর্যন্ত ক্লাস চালু রাখার পরিকল্পনা করেছে।

প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে- এ বিষয়ে এখনও চূড়ান্ত নির্দেশনা আসেনি। শিক্ষা সংশ্লিষ্ট সরকারের দুই মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এটি মূলত নতুন শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। 

আরও পড়ুন: রমজান মাসে স্কুল খোলা নাকি বন্ধ, জানালেন মাউশি মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রস্তাব দিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রমজান, ঈদুল ফিতর এবং অন্যান্য ছুটিসহ মোট ১৯ দিনের ছুটি রাখার পরিকল্পনা রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি, যেখানে প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং শিক্ষক রয়েছেন সাড়ে তিন লাখের বেশি। শিক্ষকদের ও অভিভাবকদের একটি অংশ রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। রিটে উল্লেখ করা হয়, স্বাধীনতার পর থেকে রমজানে স্কুল বন্ধ রাখা একটি প্রচলিত রীতি, যা শিক্ষার্থীদের স্বার্থে সংরক্ষিত। এছাড়া রোজা রেখে গরমে স্কুলে যাতায়াত শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য এবং শহরে অতিরিক্ত যানজট সৃষ্টি করে।

মাদরাসাগুলোতে রমজানের ছুটি ইতিমধ্যেই ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে পুরো রমজান মাস ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে রমজানের প্রথম ১৫-১৮ দিন পাঠদান চলার পরিকল্পনা করা হয়েছিল, যাতে শিক্ষার ক্ষতি পূরণ করা যায়।

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীরা আদালতের আজকের (১৭ ফেব্রুয়ারি) শুনানির ফলাফলের দিকে তাকিয়ে আছে। আদেশ অনুযায়ী মাধ্যমিক স্তরের বিদ্যালয় রমজানের পুরো মাস বন্ধ থাকলে ১৮ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হবে; নাহলে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠদান চলবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়