জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে বোর্ডের ২৪ জরুরি নির্দেশনা
ফাইল ছবি
দেশের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড।
রবিবার (১৪ ডিসেম্বর) প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা পরিচালনার জন্য ২৪টি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, পরীক্ষা চলমান নীতিমালা অনুযায়ী হবে এবং সংশ্লিষ্ট সকলকে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
১. বাংলা, ইংরেজি ও গণিতে পূর্ণ নম্বর ১০০, সময় ৩ ঘণ্টা; বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০+৫০ নম্বর, সময় ১.৩০ ঘণ্টা + ১.৩০ ঘণ্টা। পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।
২. পরীক্ষা শুরুর সাত দিন পূর্বে ট্রেজারি/থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে বিবরণী তালিকা যাচাই করতে হবে। উপস্থিত থাকবেন ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা।
৩. প্রশ্নপত্রের দুই সেট আলাদাভাবে নিরাপত্তা খামে প্যাকেট করতে হবে।
৪. কোনো কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানকে সাব-সেন্টার হিসেবে ব্যবহার করা যাবে।
৫. যাচাইয়ের দিনে খাম সিল করতে হবে এবং খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড লিখতে হবে; ত্রুটি হলে কেন্দ্র সচিব দায়ী হবেন।
৬. পরীক্ষার দিনে ট্রেজারি অফিসারের নিকট থেকে ওই দিনের দুটি নিরাপত্তা খাম গ্রহণ করতে হবে।
৭. প্রশ্নপত্র কেন্দ্রে আনার সময় পুলিশ প্রহরা সহ অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
৮. এসএমএস অনুমোদন অনুযায়ী সেট ব্যবহার করতে হবে; অব্যবহৃত সেট উপজেলা কমিটিতে ফেরত দিতে হবে।
৯. কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে রাখতে পারবেন না; শুধুমাত্র ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন কেন্দ্র সচিব ব্যবহার করতে পারবেন।
১০. প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষপরিদর্শক, প্রতিটি কক্ষে সর্বনিম্ন দুইজন দায়িত্ব পালন করবেন।
১১. আসন ব্যবস্থা কমপক্ষে ৩ ফুট দূরত্বে রাখতে হবে।
আরও পড়ুন: লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী
১২. পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে; এর পরে আসা শিক্ষার্থীকে বিশেষ অনুমতি দিয়ে প্রবেশ করতে হবে।
১৩. কেন্দ্রের বাইরে পরীক্ষা চলাকালীন বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে; প্রয়োজনে হ্যান্ডমাইক ও সিসি ক্যামেরা ব্যবহার করতে হবে।
১৪. প্রতিষ্ঠান প্রধানদের বিদ্যালয়ের প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ২১ ডিসেম্বরের মধ্যে বিতরণ নিশ্চিত করতে হবে।
১৫. প্রবেশপত্রে ত্রুটি থাকলে ৫ কর্মদিবসের মধ্যে সংশোধন করতে হবে।
১৬. ত্রুটিপূর্ণ উত্তরপত্র শিক্ষার্থীদের সরবরাহ করা যাবে না।
১৭. হাজিরা শিটে উপস্থিতি স্বাক্ষর নিতে হবে; অনুপস্থিত শিক্ষার্থীর জন্য লাল কালি ব্যবহার করতে হবে।
১৮. পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা নিতে হবে; উত্তরপত্র উপজেলা কমিটিতে সিলগালাকৃত অবস্থায় পৌঁছাতে হবে।
১৯. প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনে পুলিশের সহায়তা নিশ্চিত করতে হবে।
২০. প্রতিটি বিষয়ের ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে।
২১. উত্তরপত্রের প্যাকেটে কোনো চিহ্ন বা অতিরিক্ত লেখা থাকলে কেন্দ্র সচিব দায়ী থাকবেন।
২২. বিষয়ভিত্তিক ভিন্ন প্যাকেট ব্যবহার করতে হবে; ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীরা ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ব্যবহার করবেন।
২৩. পরীক্ষা চলাকালীন কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে; অনলাইনে তথ্য প্রদানে সতর্কতা অবলম্বন করতে হবে।
২৪. বোর্ড অনুমোদিত ক্যালকুলেটার ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না।
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত এবং এর আলোকে সব কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজনমত অংশগ্রহণের সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








