লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
ডিজিটাল লটারির মাধ্যমে দেশের সব সরকারি এবং মেট্রোপলিটন ও জেলা-উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে ৩ লাখ ৫ হাজার ৪৯৯ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের ভর্তির লটারি প্রক্রিয়া শুরু হয়।
শিক্ষার্থীদের মধ্যে ৬৮৯টি সরকারি স্কুলে ভর্তির জন্য ১ লাখ ৭ হাজার ৫২১ জন এবং ৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুলের ভর্তির জন্য ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন নির্বাচিত হয়েছে।
আরও পড়ুন: সুখবর পেলেন প্রাথমিকের ৬৫,৫০২ প্রধান শিক্ষক
লটারি প্রক্রিয়া শেষ হলে দুপুরে পৌনে ৩টায় নির্বাচিত শিক্ষার্থীদের সংখ্যা ঘোষণা করেন ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক ইউনুস ফারুকী।
তিনি বলেন, "এখন দুটি অপেক্ষমান তালিকা প্রণয়নের কাজ শুরু হবে।"
ডিজিটাল লটারির ভর্তির ফল নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) এবং টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








