সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার অবৈধ মজুদকৃত ডিজেল জব্দ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) বিকেলের দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত তেলের মধ্যে বড় একটি অংশ ডিজেল হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পার্শ্ববর্তী দ্বিতীয় একটি স্থানেও তল্লাশি চালানো হচ্ছে। সেখান থেকে আরও কয়েক হাজার টন অকটেন ও ডিজেল উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে সেই উদ্ধার প্রক্রিয়া চলমান আছে। সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার লিটার তেল উদ্ধারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: তেল চুরির অভিযোগে শ্রমিককে দণ্ড, উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
অভিযান শেষে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি সাংবাদিকদের জানান, একটি স্বার্থান্বেষী মহল বাজারে তেলের কৃত্রিম সংকটের গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
তিনি বলেন, অনেকেই গুজবে শঙ্কিত হয়ে তেল মজুত করছেন, আবার কেউ কেউ চড়া দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে তেল জমিয়ে রাখছেন। সলিমপুরের এই বিশাল মজুতও একই অশুভ উদ্দেশ্যে করা হয়েছিল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলাজুড়ে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত তেল মজুত ও জব্দের ঘটনায় মোট ৯৭টি মামলা দায়ের করা হয়েছে এবং বড় অংকের জরিমানা আদায় করা হয়েছে। ফৌজদারহাটের এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও চলমান থাকবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








