হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা
ছবি: সংগৃহীত
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় সংসদ সদস্য হান্নান মাসউদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনাকে কেন্দ্র করে এমপির সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে প্রকল্প বাজার এলাকায় যান সংসদ সদস্য হান্নান মাসউদ। সেখানে পৌঁছানো মাত্রই একদল দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা চালায়। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে এমপির অনুসারীরা সংগবদ্ধ হয়ে হামলাকারীদের পাল্টা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। বর্তমানে উভয় পক্ষই সড়কের দুই প্রান্তে অবস্থান নেওয়ায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন: ভুল ওষুধে ১৭০০০ মুরগির মৃত্যু, ওষুধ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ
হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংসদ সদস্য হান্নান মাসউদ ঘটনাস্থলেই সড়কের ওপর অবস্থান নিয়েছেন।
এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্ত বেলাল মাঝি গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি তার অবস্থান কর্মসূচি থেকে সরবেন না।
তিনি আরও অভিযোগ করেন, এই বেলাল মাঝি ২০১৮ সালেও সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের ওপর হামলা চালিয়েছিল। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।
পরিস্থিতি সামাল দিতে এবং বড় ধরনের সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের তদারকি করছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/পলি








