৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনের কাছে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ ট্রেনটি ভৈরব বাজার জংশন ছাড়ার কিছু দূর যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়। আখাউড়া থেকে পাঠানো উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে কেবিন মাস্টারের সংকেত পায়। জংশন থেকে প্রায় ১৫০ মিটার অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পর চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
এ ঘটনায় রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








