News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪০, ২৫ জানুয়ারি ২০২৬

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে আটটি ট্রাকে করে প্রায় ১২৫ মেট্রিক টন বিস্ফোরক বাংলাদেশে প্রবেশ করেছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সীমান্ত অতিক্রম করে এই বড় চালানটি বেনাপোলে পৌঁছে। বিস্ফোরক আমদানিকে কেন্দ্র করে বন্দর এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

স্থলবন্দর সূত্র জানায়, বিস্ফোরক বহনকারী ট্রাকগুলো বন্দরে প্রবেশের পরপরই নির্ধারিত ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রাখা হয়। আমদানিকৃত বিস্ফোরক চালানটি এনেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। অপরদিকে রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রম পরিচালনার জন্য ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বর্তমানে বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, খালাস প্রক্রিয়ার জন্য আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট বন্দর ও কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবে। যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

আরও পড়ুন: দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে এত বড় পরিমাণ বিস্ফোরক চালান প্রবেশের ঘটনায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়