News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৯, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪৯, ২২ জানুয়ারি ২০২৬

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে অচল সায়েন্সল্যাব

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে অচল সায়েন্সল্যাব

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব মোড় সংলগ্ন মিরপুর রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকার যান চলাচল বন্ধ এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত ২০ ও ২১ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার ও বুধবার ঢাকা কলেজের অন্তত সাতজন শিক্ষার্থী আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হাতে হামলার শিকার হন। বিশেষ করে বুধবার (২১ জানুয়ারি) কলেজ ছুটির পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী বেধড়ক মারধর করে। এতে ওই শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ওই শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ নিয়ে কলেজে উপস্থিত হলে সহপাঠীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। 
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী চায়নিজ কুড়াল ব্যবহার করে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এরই প্রেক্ষিতে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সায়েন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

আরও পড়ুন: ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র ঢামেক

সংঘর্ষ শুরু হলে মিরপুর সড়কের নিউমার্কেট অংশে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এবং গ্রিনরোড অংশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পিছু হটলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তা ছাড়েনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্সল্যাব মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেন। শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশও অ্যাকশনে যায়। দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

এই সংঘর্ষের ফলে সায়েন্সল্যাব সংলগ্ন মিরপুর রোডের নিউমার্কেট অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বর্তমানে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। পুরো এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়