News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৭, ১০ জানুয়ারি ২০২৬

ওমানে বাংলাদেশি এক পরিবারের ৩ জনের মৃত্যু

ওমানে বাংলাদেশি এক পরিবারের ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। সালালাহ শহর থেকে নিজ বাসায় ফেরার পথে হঠাৎ একটি উট সড়কে উঠে এলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে সালালাহর তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমানপ্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের জামাই হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।

আহতদের মধ্যে রয়েছেন সাকিবের বোন, তার স্ত্রী এবং তাদের ছোট কন্যা। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে সালালাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের ভাষ্য অনুযায়ী, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

নিহত সাকিবের চাচা ওমানে অবস্থানরত মো. জাহাঙ্গীর জানান, কয়েক দিন আগে পরিবারটি মাস্কাট থেকে হজরত আইয়ুব (আ.)–এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে সালালাহ যান। সেখানে ভ্রমণ শেষে শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে সড়কে একটি উট চলে এলে প্রাইভেটকারটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, ভাবি, ভাতিজা আর মেয়ের জামাই একসঙ্গে চলে যাবে কখনো কল্পনাও করিনি। এই শোক মেনে নেওয়া খুব কষ্টকর।

আরও পড়ুন: পঞ্চগড়ে টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, দুর্ঘটনার খবর পৌঁছানোর পর ফটিকছড়ির ছোট ছিলোনিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকাকে গভীরভাবে শোকাহত করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়