News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ২৬ জানুয়ারি ২০২৬

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইল এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ এক নারী আত্মহত্যা করেছেন। 

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়।

নিহতরা হলেন- হাফেজা খাতুন মালা (৩৫), তার মেয়ে তাবাসসুম (৮) ও ছেলে মারুফ (৫)। তারা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মাবিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের বাসিন্দা উজ্জ্বলের স্ত্রী ও সন্তান। বর্তমানে পরিবারটি পূবাইল এলাকায় বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার আগে হাফেজা খাতুন মালা তার দুই সন্তানকে স্কুল ড্রেস পরা অবস্থায় নিয়ে রেলগেটের দিকে যাচ্ছিলেন। এ সময় রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান সাত্তার তাকে ট্রেন আসার বিষয়ে সতর্ক করে বিকল্প নিরাপদ পথ ব্যবহার করতে বলেন। তবে ওই পরামর্শ উপেক্ষা করে তিনি সন্তানদের নিয়ে রেললাইনের দিকে এগিয়ে যান।

ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার এক্সপ্রেস ট্রেনটি কাছে এলে হাফেজা খাতুন মালা হঠাৎ তার দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে মুহূর্তের মধ্যেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মানসিক চাপে ভুগছিলেন হাফেজা খাতুন মালা। এসব কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়