রোজায় ব্যাংক লেনদেন সময় কমল ১ ঘণ্টা
ছবি: সংগৃহীত
আসন্ন রমজান মাসে ব্যাংকের লেনদেন সময় এক ঘণ্টা কমানো হয়েছে। এতে লেনদেনের শেষ সময় থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত।
তবে লেনদেন আড়াইটায় শেষ হলেও দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। রোজা ও ঈদ শেষে স্বাভাবিক সময়ে ফিরবে লেনদেন ও দাপ্তরিক সময়।
বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, রমজান মাসে দেশের ব্যাংকগুলোতে সকাল ১০টার বদলে সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে এবং বেলা আড়াইটা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়।
আরও পড়ুন: রমজানে স্বস্তির খবর: ১৭ ফেব্রুয়ারি থেকে ট্রাকে পণ্য বেচবে টিসিবি
দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এই বিরতির সময় ‘অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে’ স্বাভাবিক সময়ের মত লেনদেন অব্যাহত রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, রমজানে লেনদেন যথারীতি ১০টায় শুরু হয়ে ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। এর পর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন।
ডিএসইর অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে৷
রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস আগের নিয়মে ফিরবে। স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলে। আর অফিসসূচি থাকে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
নিউজবাংলাদেশ.কম/এনডি








