News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে স্বস্তির খবর: ১৭ ফেব্রুয়ারি থেকে ট্রাকে পণ্য বেচবে টিসিবি

রমজানে স্বস্তির খবর: ১৭ ফেব্রুয়ারি থেকে ট্রাকে পণ্য বেচবে টিসিবি

ফাইল ছবি

বছর ঘুরে আবারও কাছাকাছি চলে এসেছে পবিত্র রমজান মাস। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে দেশব্যাপী ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির (ট্রাক সেল) বিশেষ উদ্যোগ নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

জাতীয় নির্বাচনের পরপরই শুরু হতে যাওয়া এই কার্যক্রমে নিয়মিত ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ নিম্নআয়ের মানুষও সরাসরি ট্রাক থেকে পণ্য কেনার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, বর্তমানে দেশের সব জেলায় স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু রয়েছে। রমজান মাসকে কেন্দ্র করে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছে বিশেষ ট্রাক সেল। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেওয়া হবে।

সংস্থাটি আরও জানায়, ট্রাক সেলের মাধ্যমে নিয়মিত পণ্য ভোজ্যতেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। পণ্য বিক্রির সঠিক পরিমাণ ও দাম কার্যক্রম শুরুর আগে পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন: নির্বাচনি বিধিমালায় ৯৬ ঘণ্টা লেনদেন সীমিত, নগদ সংকটে জনভোগান্তি

সূত্র জানিয়েছে, রমজান মাস শুরুর আগের দিন থেকেই ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে। 

টিসিবির এক কর্মকর্তা বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে, তাই ১৭ ফেব্রুয়ারি থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে বর্তমানে মোট ৬৬ লাখ স্মার্ট পরিবার কার্ড সক্রিয় রয়েছে। এই কার্ডধারীরা টিসিবির পণ্য কিনতে পারবেন। এছাড়া যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি কিনতে পারবেন। গেল বছর রোজার মাসে এই তিন পণ্যের সঙ্গে দুই কেজি ছোলা এবং ৫০০ গ্রাম খেজুরও বিক্রি করা হয়েছিল।

টিসিবি আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে রমজান মাসে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতাকে সহায়তা করা যাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়