News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

আবারও বাড়লো এলপিজি ও অটোগ্যাসের দাম

আবারও বাড়লো এলপিজি ও অটোগ্যাসের দাম

ফাইল ছবি

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে বিইআরসি এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। 

সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছিল, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে নির্দেশনা ২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ঘোষণা করা হবে। একই সঙ্গে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও জানানো হবে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: সোমবার জানা যাবে ফেব্রুয়ারির এলপিজির নতুন দাম

সবশেষ ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

নতুন ঘোষণায় বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২.৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৪১৩ টাকা, ১৫ কেজি ১ হাজার ৬৯৬ টাকা, ১৬ কেজি ১ হাজার ৮০৯ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৫ টাকা, ২০ কেজি ২ হাজার ২৬০ টাকা, ২২ কেজি ২ হাজার ৪৮৭ টাকা, ২৫ কেজি ২ হাজার ৮২৬ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৩৯১ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৭৩১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৯৫৬ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৮৭ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

এদিকে ফেব্রুয়ারি মাসে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ৪ জানুয়ারি অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়