নতুন আলু-পেঁয়াজ এলেও কমেনি বাজারের চাপ
ছবি: সংগৃহীত
সবজির ভরা মৌসুম চললেও নিত্যপণ্যের বাজারে তেমন স্বস্তি নেই। নতুন পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমলেও মুরগি ও ডিমের বাজার আগের অবস্থানেই রয়েছে। বিশেষ করে নতুন পেঁয়াজের সরবরাহ কম থাকায় পুরোনো পেঁয়াজের দামে এখনো অস্থিরতা কাটেনি, যা কেজিপ্রতি দেড়শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ পার হলেও নতুন পেঁয়াজের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়েনি। অধিকাংশ দোকানেই এখনো পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে। যেখানে নতুন পেঁয়াজ পাওয়া যাচ্ছে, সেখানে মানভেদে দামের তারতম্য রয়েছে।
বিক্রেতারা জানান, আড়ত থেকেই পণ্য কিনতে হচ্ছে বেশি দামে। পাশাপাশি পরিবহন ও শ্রমিক খরচ বাড়ায় খুচরা পর্যায়ে দামের প্রভাব পড়ছে।
বাজারভেদে টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। গাজর, শিম ও বরবটির কেজিও অনেক জায়গায় ৮০ থেকে ১০০ টাকার নিচে নামেনি। শালগমের কেজি ৪০-৫০ টাকা, মুলা ৩০-৫০ টাকা এবং ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আলুর বাজারে তুলনামূলকভাবে স্বস্তি দেখা গেছে। নতুন আলু গত সপ্তাহে কেজিপ্রতি ৩৫-৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩০-৩৫ টাকায় নেমেছে। পুরোনো আলু আগের মতোই ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বেগুনের কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর মধ্যে লম্বা জাতের বেগুনের দাম তুলনামূলক কম, আর গোল বেগুন ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জাতভেদে শিমের দামেও পার্থক্য রয়েছে; সাধারণ মানের সবুজ শিম বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে।
ডিম ও মুরগির বাজারেও তেমন পরিবর্তন নেই। ব্রয়লার ডিম বাজারভেদে ডজনপ্রতি ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের সমান। ব্রয়লার মুরগির কেজি ১৫০-১৬০ টাকার মধ্যে রয়েছে।
আরও পড়ুন: আজ-কালের মধ্যেই বদলাচ্ছে একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড
শাকসবজির মধ্যে পালংশাকের এক আঁটি কিনতে হচ্ছে ২০ টাকায়। লালশাক ও মুলাশাক বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা আঁটি দরে। লাউ প্রতি পিস ৬০-৮০ টাকা এবং এক হালি কাঁচকলা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
এদিকে মাছের বাজারেও অস্থিরতা বিরাজ করছে। মাঝারি আকারের রুই মাছের কেজি ৩০০-৩৫০ টাকা, কৈ মাছ ২৫০-২৭০ টাকা, শিং মাছ ৪০০-৪৫০ টাকা এবং পাবদা ৩২০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শোল মাছের দাম উঠেছে কেজিপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। চিংড়ি মাছের কেজি ৭৫০-৯০০ টাকা।
মাংসের বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৭৮০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে তুলনামূলকভাবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১৫০-১৬০ টাকায় নেমেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








