News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৮, ১৫ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

ওসমান হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার জন্য যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সন্তোষজনক এবং তা আরও স্থিতিশীল হবে। তিনি জানান, ওসমান হাদির চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অর্থের কোনো সংকট হবে না- প্রয়োজনীয় সব ব্যয় অর্থ মন্ত্রণালয় বহন করবে।

নির্বাচনী ব্যয় নিয়েও কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এর আগে, রবিবার (১৪ ডিসেম্বর) শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রেস উইং আরও জানায়, ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: ডিসেম্বরের ১৩ দিনে এলো ১৫০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন। একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়