News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আসল টাকার আদলে ‘নমুনা নোট’, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

আসল টাকার আদলে ‘নমুনা নোট’, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন জনসমাগমস্থলে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দেশবাসীকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড একদিকে যেমন জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, অন্যদিকে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে জাল নোটের প্রচলন বৃদ্ধিতে সহায়তা করছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন বিভাগের সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী,সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিওচিত্র ও ছবি দেখা যাচ্ছে, যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ কখনো আবার আসল নোটের তুলনায় বড় আকৃতির ‘নমুনা নোট’ ব্যবহার করে নিজস্ব বিপণন প্রচারণা চালানো বা কনটেন্ট প্রস্তুত করা হচ্ছে। বাজারে বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রচারণা পরিচালনার ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, একটি অসাধু চক্র এসব নোট ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অবৈধ বিপণন কার্যক্রম পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বাড়িয়ে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে ঝুঁকির মুখে ফেলতে পারে।

আরও পড়ুন: রোজায় ব্যাংক লেনদেন সময় কমল ১ ঘণ্টা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজারে কিংবা জনসমাগমস্থলে আসল টাকার সদৃশ কোনো কাগজ বা নোট ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ অবৈধ। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং তা বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। দণ্ডবিধির ধারা ৪৮৯(ঙ) অনুসারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এমন নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করে যা প্রচলিত ব্যাংক নোটের সদৃশ এবং বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচারের ক্ষেত্রেও সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে জাল নোটের প্রচলন প্রতিরোধে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বিভ্রান্তিকর তথ্য বা কনটেন্ট তৈরি, অননুমোদিত কর্মকাণ্ড সংঘটন এবং এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সাধারণ জনগণকে আসল নোটের আদলে কোনো কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার না করার নির্দেশ দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো আর্থিক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। জালিয়াতি এড়াতে ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য ও চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করা উচিত।

আর্থিক বিষয়ে বিভ্রান্তি এড়াতে নির্ভরযোগ্য ও দাপ্তরিক উৎসের তথ্যের ওপর নির্ভর করারও আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়