৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস এবং এনপিএসবি’র আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের অপব্যবহার রোধে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবের লেনদেন সীমিত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, নির্বাচন উপলক্ষ্যে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। একই সঙ্গে এ সময় সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ (ক্লোজ মনিটরিং) এর আওতায় রাখতে হবে।
সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন চিহ্নিত হলে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না
এ ছাড়া আলোচ্য ৯৬ ঘণ্টায় পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং সেবা (আইবিএফটির মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








